‘বিরোধী দল দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়’

লক্ষ্মীপুরে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
বিরোধী দল কী কারণে, কী দাবি নিয়ে আন্দোলনে নেমেছে, তা বুঝতে পারছেন না বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
তিনি দাবি করেন, বিরোধী দল বাইরের সিদ্ধান্ত অনুযায়ী দেশকে আজীবন দাসত্বের মধ্যে রাখতে চায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও ক্লাব সমিতির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বিরোধী দলকে উদ্দেশ করে আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের বয়স ৬-৭ মাস চলছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা। আমরা মাত্র ঘরে ঢুকেছি। ঘরে কাঠমিস্ত্রি লাগবে, ইলেকট্রিক মিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, ঠিকঠাক করতে সময় লাগে। এখনই লংমার্চ শুরু করে দিয়েছে, আমাদের সময় বেশি দেওয়া যাবে না, আজব ব্যাপার। তাদের কী দাবি, আমরাও বুঝি না। কী কারণে কী দাবি করে আন্দোলনে নেমেছে, সেটাও বুঝতে পারছি না।’
তিনি আরও বললেন, ‘এদের মূল বিষয় হচ্ছে, রাষ্ট্রের কিছু ব্যাপার আছে। তারা এখান থেকে সিদ্ধান্ত নেয় না, বাইরে থেকে সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আজীবন এ দেশকে দাসত্বের মধ্যে রাখতে চায়।’
আবুল খায়ের ভূঁইয়া বললেন, বিগত দিনে দেশে অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। এখন আমলাদের ‘সাইজ করে’ নিয়মে আনতে সময় লাগছে। এরপরও অনেকের বোধগম্য হয়নি যে, মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত যেসব কাজ করা প্রয়োজন, সেভাবে কাজ হচ্ছে না। এতে অনেক বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে এবং অনেকে হয়রানির শিকার হচ্ছেন।
তার ভাষ্য, এ কারণে মানুষের মধ্যেও আগের মতো ক্ষোভ রয়ে গেছে। ‘আমরা চেষ্টা করছি, ধীরে ধীরে মানুষের মধ্যে ক্ষোভ কমে আসবে এবং পরিসমাপ্তি ঘটবে’, যোগ করেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহসিন কবির স্বপন সঞ্চালনা করেন।
এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল ঘোষ, আবুল মোবারক ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য দেলোয়ার হোসেন, আব্দুর রব শামীম ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল আদনানসহ অনেকে।



