ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
রংপুর ব্যুরো

ছবি: আগামীর সময়
রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের একটি ডোবায় ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান এবং তার ফুফাতো ভাই পাশের সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান।
স্থানীয় সূত্র বলছে, ঈদের পর আবিদ হাসান নানাবাড়ি এসেছিল। বুধবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা ১১টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের ডোবায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন।
পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল বলেছেন, দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী সময়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।




