রামেক ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রামেক পরিচালকের কক্ষের সামনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভিড়
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার সাবেক দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাদের মারধর করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে মারধরের ঘটনা ঘটে। এরপর ছাত্রলীগের এই দুই নেতাকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। দুপুর সোয়া ১টার দিকে পরিচালকের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার সরকার ও সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান। গ্রেপ্তার শুভ রামেকের এমবিবিএস ৫৯তম (২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ) ব্যাচের এবং নাহিদ হাসান ৬০তম (২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ) ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করতে আসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই দুই নেতা। এ সময় তারা পরিচালকের কক্ষের সামনে অপেক্ষমাণ কক্ষে বসেছিলেন। খবর পেয়ে রামেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদাত মাহমুদ তপু, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানসহ মেডিকেল শিক্ষার্থীরা পরিচালকের কক্ষের সামনে আসেন।
এ সময় তারা ছাত্রলীগের দুই নেতাকে মারধর শুরু করলে তারা ভয়ে হাসপাতাল পরিচালকের কক্ষে ঢুকে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরিচালকের কক্ষের দরজা ভেতর থেকে লাগিয়ে দেওয়া হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসক নেতারা রামেক হাসপাতাল পরিচালককে আলোচনার জন্য তার কক্ষের দরজা খুলে দিতে অনুরোধ করে। কিন্তু দরজা না খুললে ইন্টার্ন চিকিৎসক নেতারাসহ মেডিকেল কলেজ শাখা শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা পরিচালকের কক্ষের ভেতরে প্রবেশ করে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর সোয়া ১টার দিকে ছাত্রলীগের এই দুই নেতাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরিচালকের কক্ষ থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এসময় দুই নেতাকে উত্তেজিত শিক্ষার্থীরা কিল-ঘুসি ও ডিম ছুড়ে মারে।
ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. সাদাত মাহমুদ তপু বলেছেন, ‘আমরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের কোনো হামলা বা মারধর করতে যাইনি। শুধু জুলাই আন্দোলনে আমাদের বোনদের হোস্টেলে হামলার ঘটনার জবাব জানতে চেয়েছিলাম। এ ছাড়া গত ৩ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতারা হাসপাতালের প্রধান ফটকে ব্যানার নিয়ে কর্মসূচি ও খাবার বিতরণ করে। পরে এই দৃশ্য তারা ফেসবুকেও প্রচার করে। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন। কোনো কর্মসূচিই তারা পালন করতে পারবে না। এসব বিষয়ে বারবার পুলিশ ও প্রশাসনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ তাদের হাতেনাতে পেয়ে পুলিশকে খবর দিই। কিন্তু আমাদের সঙ্গে কথা বলার সুযোগ না দিয়ে পুলিশ তাকে পরিচালকের কক্ষে নিয়ে যায়। শেষ পর্যন্ত ঘটনার সন্তোষজনক কোনো জবাব পাইনি। পরিচালক বিষয়টিকে ভুল-বোঝাবুঝি হিসেবে দেখেছেন এবং আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ মো. শামীম আহমেদ বলেছেন, ‘গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের দুই নেতা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রামেক শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছিল। সেই ইন্টার্নশিপ পুনর্বহালের দাবি নিয়ে তারা আজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। হাসপাতালের পরিচালক তাদের জানান, এ বিষয়ে ডিসিপ্লিনারি কমিটিই সিদ্ধান্ত নেবে। পরে বিষয়টি আগের কমিটির কাছে পাঠানো হয়।’
তিনি আরও জানালেন, তাদের আগমনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তাদের আশঙ্কা ছিল, ডিসেম্বরকে কেন্দ্র করে দেশ জুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অংশ হিসেবে এখানে কোনো বিশৃঙ্খলা হতে পারে। শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলেও আমরা চাইনি কোনো ধরনের বিশৃঙ্খলা হোক। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালের পরিচালক আরএমপি কমিশনারকে অনুরোধ জানান। পরে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
আরএমপির মুখপাত্র ও ডিবি প্রধান মো. গাজিউর রহমান বলেছেন, ‘রামেক হাসপাতালের পরিচালক ফোনে জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। মেডিকেলের শিক্ষার্থীরা তাদের বাইরে নিয়ে যেতে চাইছিলেন, তাই উদ্ধার প্রয়োজন ছিল। খবর পেয়ে আরএমপির কয়েকটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পরিচালকের কক্ষে ঢোকার সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বাধা দিলে তাদের সরিয়ে পুলিশ ভেতরে প্রবেশ করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তাদের সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।’
তিনি আরও জানালেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অভিযোগ ছিল। সেগুলো পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



