গফরগাঁও
মেয়ের জন্য রান্না করে অপেক্ষায় মা, পরে পেলেন মৃত্যুর খবর

অন্তঃসত্ত্বা গৃহবধূ নাদিয়া
ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া (১৯) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামে স্বামী কাওছার মিয়ার (২৩) বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা পলাতক।
নিহত নাদিয়া নবগঠিত দক্ষিণ গফরগাঁওয়ের লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, প্রায় এক বছর আগে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওছার মিয়ার সঙ্গে পারিবারিকভাবে নাদিয়ার বিয়ে হয়।
নিহত নাদিয়ার মা ময়ফুল বানু বলেন, বুধবার দুপুরে নাদিয়া ফোন করে তাকে জানায় কিছুক্ষণ পর সে বাবার বাড়িতে আসবে। মেয়ের ফোন পেয়ে তিনি রান্নাবান্না করে অপেক্ষা করছিলেন।
তিনি বলেন, রাত ৮টার দিকে জামাতা কাওছার মিয়ার এক আত্মীয় ফোন করে নাদিয়ার মৃত্যুর খবর দেন। পরে রাত ৯টার দিকে তারা নাদিয়ার শ্বশুরবাড়িতে গিয়ে লাশ পড়ে থাকতে দেখেন। বাড়িতে অনেক মানুষের ভিড় থাকলেও নাদিয়ার স্বামীসহ শ্বশুরবাড়ির কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ময়ফুল বানু জানান, নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার প্রশ্ন, নাদিয়ার মৃত্যু স্বাভাবিক হলে স্বামীসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল?
গফরগাঁও থানার তদন্ত মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্তের জন্য নাদিয়ার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।




