নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর জানাজা, দাফন

প্রিয়জনদের শেষবিদায় জানাতে জানাজায় উপস্থিত হন হাজারো স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দা। ছবি: আগামীর সময়
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে জাজিরার কাজীরহাট বাজারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয়জনদের শেষবিদায় জানাতে সেখানে উপস্থিত হন হাজারো স্বজন, সহকর্মী ও স্থানীয় বাসিন্দা।
জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা অংশ নিয়ে শোক প্রকাশ করেন এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জানাজা শেষে পাঁচজনের মরদেহ নিজ নিজ গ্রামে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় জানাজা শেষে রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
নিহতরা হলেন জাজিরার বড়কান্দি ইউনিয়নের ডুবিসায়বর এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার (৩০), রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর (৩২), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে শাহনাল মোল্যা (৪৫), একই এলাকার আরব আলী ফকিরের ছেলে সামাদ ফকির (৬৫) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে শাহিন ব্যাপারী (৩০)।
এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা ফয়সল ফকির (৩০) নামের আরেক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ওই পাঁচ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কাজীরহাট বাজারে একসঙ্গে ব্যবসা করতেন। ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও ভুসিমাল কিনতে সোমবার সন্ধ্যায় তারা নাটোরের উদ্দেশে রওনা হন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাজীরহাট বণিক সমিতির সভাপতি মোকলেছুর রহমান মাদবর বললেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে পাঁচজনের মরদেহ কাজীরহাটে পৌঁছায়। পরে রাত সাড়ে ৯টায় বাজারে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। একই বাজারে দীর্ঘদিন একসঙ্গে ব্যবসা করা পাঁচজনকে হারিয়ে ব্যবসায়ীরা শোকাহত।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। এদের মধ্যে কৃষিপণ্য কিনতে নাটোর যাওয়ার পথে ওই দুর্ঘটনায় প্রাণ হারান শরীয়তপুরের ৫ ব্যবসায়ী।



