শ্রীমঙ্গলে সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল

ভিক্টোরিয়া সিনেমা হলে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল। ছবি: সংগৃহীত
ফুটবল বিশ্বকাপের ফাইনাল ঘিরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিন্ন মাত্রার উৎসবের আয়োজন করেছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সিনেমা হল। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ বড় পর্দায় উপভোগ করতে আগেভাগেই টিকিট সংগ্রহ করেছেন অসংখ্য ফুটবলপ্রেমী। এতে সিনেমা হলজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশের।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি বড় পর্দায় সরাসরি প্রদর্শনের জন্য বিশেষ আয়োজন করে ভিক্টোরিয়া সিনেমা হল কর্তৃপক্ষ। বড় পর্দা, আধুনিক প্রদর্শন ব্যবস্থা, উন্নত শব্দব্যবস্থা এবং একসঙ্গে শত শত দর্শকের খেলা দেখার সুযোগ ফুটবলপ্রেমীদের কাছে তৈরি করেছে বাড়তি আকর্ষণ।
ভিক্টোরিয়া সিনেমা হলের চেয়ারম্যান এস. কে. দাশ সুমন বলেন, ‘শহরের বিভিন্ন এলাকায় দেখেছি মানুষ রাস্তার পাশে অস্থায়ী পর্দা টাঙিয়ে প্রদর্শনযন্ত্রের মাধ্যমে খেলা দেখছেন। মেঘ-বৃষ্টি উপেক্ষা করেও তারা দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। তখন ভাবলাম, সিনেমা হলে যেহেতু আধুনিক শব্দব্যবস্থা, উন্নত প্রদর্শনযন্ত্র ও আরামদায়ক পরিবেশ রয়েছে, তাই বিশ্বকাপের ফাইনালটি সবাই যেন উৎসবের আবহে উপভোগ করতে পারেন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বর্ষাকালে খোলা জায়গায় বড় পর্দায় খেলা দেখতে গিয়ে বৃষ্টির কারণে দর্শকদের ভোগান্তি হয়। তাই আমরা সিনেমা হলেই খেলা দেখানোর ব্যবস্থা করেছি। ইতোমধ্যে শহরজুড়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। দর্শকদের জন্য শুভেচ্ছামূল্যে টিকিটের দাম রাখা হয়েছে ৩০ ও ৬০ টাকা।’
স্থানীয় ফুটবলার রুপন দাশ বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার খেলা হলে রাত জেগেই দেখি। আজ বন্ধুদের নিয়ে আগে কাচ্চি বিরিয়ানি খাব, এরপর সবাই মিলে সিনেমা হলে গিয়ে বড় পর্দায় ফাইনাল উপভোগ করব।’
ফুটবল একাডেমি শ্রীমঙ্গলের খেলোয়াড় অভি জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেখে জানতে পারি ভিক্টোরিয়া সিনেমা হলে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। খবরটি শুনে খুব ভালো লেগেছে। আগের ম্যাচগুলো আমরা অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে, বৃষ্টিতে ভিজে দেখেছি। এবার আরাম করে সিনেমা হলে বসে খেলা দেখব। আমরা বন্ধুরা মিলে ১৫টি টিকিট কেটেছি। একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল দেখার আনন্দই আলাদা।’
বিশ্বকাপের ফাইনালকে ঘিরে শ্রীমঙ্গলে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শহরের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ আলোচনা, প্রস্তুতি ও উদযাপন। সেই আবহে সিনেমা হলে বড় পর্দায় ফাইনাল প্রদর্শনের উদ্যোগটি দর্শকদের জন্য এনে দিয়েছে ভিন্ন অভিজ্ঞতা।




