বালিয়াকান্দি
উদ্বোধনের সাড়ে তিন বছরই সেতুর বিভিন্নস্থানে ক্ষত

ছবি: আগামীর সময়
রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে নির্মিত তিনটি সেতুর মধ্যে দুটির বিভিন্নস্থানে তৈরি হয়েছে ক্ষত। কোথাও কোথাও পাথর উঠে হয়েছে ছোট-বড় গর্ত। এতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে বেড়েছে উদ্বেগ। তাদের আশঙ্কা, দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে তৈরি হতে পারে বড় ধরনের ঝুঁকি।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা সদর থেকে বালিয়াকান্দি উপজেলায় যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। বানিবহ বাজার থেকে বহরপুর বাজার পর্যন্ত এলাকায় হড়াই নদীর ওপর দুটি এবং গাইজারগাড়া বিলের ওপর একটি সেতু নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে প্রায় সাড়ে ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। কাজটি বাস্তবায়ন করে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ৭ নভেম্বর সেতু তিনটির উদ্বোধন করা হয়।
হড়াই নদী ও গাইজারগাড়া বিলের ওপর নির্মিত দুটি সেতুর বিভিন্ন অংশে পাথর উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও ক্ষতের গভীরতা দেড় থেকে দুই ইঞ্চি পর্যন্ত। সেতুর মাঝামাঝি ও বিভিন্নস্থানে নিচু হয়ে পানি জমে। স্থানীয়দের ভাষ্য, ভারী ও ছোট যানবাহন চলাচলের সময় আরও পাথর উঠে যাচ্ছে।



