নুসরাতের পোড়া বাড়ি দেখতে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দল

পুড়ে যাওয়া নুসরাত তাবাসসুমের ঘর। ছবি: এমপির ফেসবুক থেকে
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম।
আজ শুক্রবার বিকাল ৩টায় তাদের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
বিরোধীদলীয় সংসদীয় এই টিমে রয়েছেন— এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও এমপি ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর।
পরিদর্শন শেষে বিরোধীদলীয় সংসদীয় টিমের প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এসব তথ্য নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় ওই বাড়িতে আটজন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসববাপত্র পুড়ে যায়। এ ঘটনায় নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।



