বিএনপির রাজনীতিতে চর পড়েছে: আক্তারুজ্জামান

জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন
বিএনপির রাজনীতিতে চর পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান রঞ্জন।
তিনি বলেছেন, ৪০ বছর জাতীয়তাবাদের রাজনীতি করেছি। একটি বিশাল নদীতে ছিলাম। কিন্তু আজ সেই নদীতে চর পড়ে গেছে। তাই ন্যায় ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেই নদী থেকে সরে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।
আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, ৪০ বছর রাজনীতিতে তার কোনো ভুল ছিল না। কিন্তু যে রাজনৈতিক ধারায় ছিলেন, সেখানে এখন আর প্রত্যাশিত অগ্রযাত্রা নেই। বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন।
দলটির নেতাকর্মীরা তাকে আপন করে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সত্যের জয় হবে, বিজয় হবে। তার সব নাজাতের উৎস পরম করুণাময় আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি কাজ করেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আল্লাহর সহায়তা ও সম্মতি প্রয়োজন। ইসলামী আন্দোলনের মাধ্যমে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করতে চান তারা।
বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক এই সংসদ সদস্য। সরকার পরিচালনার দায়িত্ব জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।
এদিন দুপুর ১২টায় কারাগার থেকে মুক্তি উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা জামায়াত আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন আক্তারুজ্জামান রঞ্জন।
তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পেছনে সরকার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। রাষ্ট্র পরিচালনায় দক্ষতা থাকলে শ্রমিক ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত এখন না নিয়ে গত জুনে বাজেট ঘোষণার সময়ই নেওয়া যেত।
এ সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মানুষ প্রস্তুত হয়ে আছে। সঠিক সময়ে ডাক দেওয়া হলে তারা আবারও রাজপথে নেমে আসবে।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে আক্তারুজ্জামান রঞ্জন বলেন, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারলেও ডিবি কখনো তার বাসায় গিয়ে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে না। ডিবির কাজ তদন্ত করা। এভাবে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
অনুষ্ঠানে জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক আমির অধ্যাপক মো. রমজান আলী, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারি নজরুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু আহমেদ প্রমুখ।



