গ্রামে বসেই জানলেন রক্তের গ্রুপ, শিক্ষার্থীদের হলো জ্ঞানের পরীক্ষা

শ্যামনগরের চিংড়িখালিতে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির আয়োজনে বিনা মূল্যে সেবা ও কুইজ প্রতিযোগিতা
নিজের রক্তের গ্রুপ কী, গ্রামের অনেকেই তা জানতেন না। সেই তথ্য তারা জেনে নিলেন নিজেদের এলাকাতেই, বিনা মূল্যে। একই আয়োজনে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নিল পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানের পরীক্ষায়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগরের চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয়ে হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির আয়োজনে এ কর্মসূচি হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে চিংড়িখালিসহ আশপাশের এলাকার ২০০ নারী-পুরুষ নিজেদের রক্তের গ্রুপ জেনেছেন। আয়োজকেরা জানান, দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি চিকিৎসার সময় রক্তের গ্রুপ জানা থাকলে দ্রুত রক্তের ব্যবস্থা করা সহজ হয়। এ কারণেই এলাকার মানুষের কাছে এই সেবা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলাও ছিল কর্মসূচির উদ্দেশ্য।
অন্যদিকে শিক্ষার্থীদের জন্য ছিল সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতা। এতে অংশ নেয় এলাকার স্কুল ও মাদ্রাসার ১২০ শিক্ষার্থী। সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটানোই ছিল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে কয়েকটি ক্যাটাগরিতে ৪০ জনকে পুরস্কৃত করা হয়।
আয়োজকদের মতে, পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জন ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে এমন আয়োজন ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও উৎসর্গ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আব্দুর রউফ এবং শ্যামনগর ব্লাড ব্যাংকের পরিচালক মো. সাইফুদ্দিন সিদ্দিকী।
এ ছাড়া উপস্থিত ছিলেন যাদবপুর ফুলবাড়ী দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল বাসার, হিলফুল ফুযুল ইয়ুথ সোসাইটির সভাপতি হাফেজ মোঃ আলমগীর হায়দার, সহসভাপতি এস এম রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, দপ্তর সম্পাদক আনিসুর রহমান ও কার্যিনর্বাহী সদস্য সানজিদা আক্তার মুক্তা। আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ছিলেন।
অতিথিরা বলেন, রক্তের গ্রুপ জানা প্রত্যেকের জন্য জরুরি। জীবন বাঁচানোর মুহূর্তে এই তথ্য সময় বাঁচাতে পারে। শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজের মতো আয়োজনও ইতিবাচক ভূমিকা রাখে বলে তাঁরা মত দেন।
আয়োজক সংগঠনের নেতারা জানান, প্রতিষ্ঠার পর থেকে তারা শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, স্বেচ্ছায় রক্তদান ও পরিবেশ সংরক্ষণসহ নানা কাজে যুক্ত আছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করা তাদের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের সহযোগিতা ও তরুণ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চলবে বলে তাঁরা জানান।




