রাজাপুর
টমটমের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের সিফাতের

ছবি: আগামীর সময়
ঝালকাঠির রাজাপুরে টমটমের ধাক্কায় সিফাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত এলাকার আব্দুল নূরের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে বসেছিলেন। এ সময় সড়কের পাশে একটি বাস ও অটোরিকশার চালকের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এ সময় ভান্ডারিয়া থেকে আসা একটি টমটম পেছন থেকে শিশুটিকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, টমটমের ধাক্কায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



