বাসের বক্সের ঢাকনার ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত, আহত ২

ছবি: আগামীর সময়
নওগাঁয় ঢাকাগামী একটি দূরপাল্লার বাসের সাইড বক্সের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগেছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার। এ ঘটনায় নওসাদ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অটোরিকশায় থাকা আরও দুই শিশু।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান পরিবহনের একটি এসি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে তুলশীগঙ্গা ব্রিজ মোড়ে পৌঁছালে চলন্ত বাসের সাইড বক্সের ঢাকনাটি (ব্যাগডালা) অসাবধানতাবশত হঠাৎ খুলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ওই উন্মুক্ত ঢাকনাটি সজোরে আঘাত করে। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নওসাদ মারা যান।
এ সময় আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বাসের শ্রমিকদের চরম অবহেলার কারণেই এই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। নিহতের স্বজনেরাও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
নওগাঁ সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।






