ভালুকা
বজ্রপাতে মৃত্যু কিশোরের, পরিবারের পাশে পৌর প্রশাসক

ছবি: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে নিহত কিশোর ফয়সাল আহাম্মেদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভালুকা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
আজ সোমবার সন্ধ্যায় তিনি নিহতের বাবা নিজাম উদ্দিনের হাতে প্রাথমিকভাবে পৌরসভার তহবিল থেকে ৫ হাজার টাকা তুলে দেন।
পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ভালুকা পৌরসভার স্বাস্থ্য সহকারী শাহাব উদ্দিন জানান, গত ১৪ জুন দুপুরে মেঘার মাঠ এলাকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নিহত হয়। ঘটনার পরপরই পৌর প্রশাসক তাকে নিহতের পরিবারের খোঁজখবর নিতে নির্দেশ দেন।
জানা যায়, ফয়সালের বাবা নিজাম উদ্দিন ভাঙারির ব্যবসা করেন। পরিবারের আর্থিক অবস্থাও দুর্বল। সংসারের অভাবের কারণে ফয়সাল লেখাপড়া ছেড়ে বাবার কাজে সহযোগিতা করত। ঘটনার দিন দুপুরে সে ফুটবল খেলতে মেঘার মাঠে যায়। যাওয়ার আগে মাকে বলেছিল, মা, রান্না কর, আমি এসে খাব। কিন্তু সে আর জীবিত ফিরে আসেনি। বাড়িতে ফেরে তার নিথর দেহ।
শাহাব উদ্দিন উল্লেখ করেন, ঘটনার দিনই তিনি বিষয়টি পৌর প্রশাসককে জানান। তখন ফয়সালের মরদেহ নিয়ে পরিবারটি মুক্তাগাছায় গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। পরে তিনি নিজাম উদ্দিনের সঙ্গে আবার যোগাযোগ করেন। এরপর সোমবার তাকে পৌরসভায় ডেকে এনে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ভালুকা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন জানিয়েছেন, নিহত ফয়সালের পরিবারের প্রতি মানবিক সহায়তার অংশ হিসেবে পৌরসভার তহবিল থেকে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আরও ২৫ হাজার টাকা দেওয়া হবে।





