শ্যামনগর
ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়া হলো না বাবার, ট্রাকচাপায় মৃত্যু

'আল্লাহ, আমার কী হবে? আমাকে কে দেখবে? বাবাকে ছাড়া আমি কীভাবে চলব?' হাসপাতালে বাবার মরদেহ জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে এ কথা বলতে বলতে ভেঙে পড়েন ওসামা গাজী (২২)। এক সপ্তাহ আগে বিয়ে করেছেন তিনি।
আজ সোমবার দুপুরে ছিল তার বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে যাওয়ার পথেই ট্রাকচাপায় মারা গেছেন তার বাবা আব্দুল আজিজ (৫০)। গুরুতর আহত মা রোকেয়া খাতুন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ওসামার বিয়ে হয় গত সপ্তাহে। সেদিন আনুষ্ঠানিকতা হয়নি। সোমবার দুপুরে কনের বাড়ি কৈখালীতে তা হওয়ার কথা ছিল। সে উদ্দেশ্যে বরসহ পরিবারের অন্য সদস্য ও আত্মীয়-স্বজন আগেই মাইক্রোবাসে রওনা হন। পরে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রওনা হন আব্দুল আজিজ। তিনি নিজে মোটরসাইকেল চালাচ্ছিলেন, পেছনে বসা ছিলেন স্ত্রী রোকেয়া খাতুন। স্থানীয় সূত্র জানায়, পথে পেচোর মোড় এলাকায় ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয়।
রোকেয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসামার বড় ভাই বাপ্পি গাজী বলেন, 'আজ কনের বাড়িতে আনুষ্ঠানিকত ছিল। আমরা আগেই চলে গিয়েছিলাম। বাবা-মা মোটরসাইকেলে আসছিলেন। পথেই দুর্ঘটনা ঘটে।'
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




