নবাবগঞ্জ
ঝুঁকিপূর্ণ সেতুই ভরসা ১০ গ্রামের মানুষের

ছবি: আগামীর সময়
দিনাজপুরের নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামের একমাত্র সংযোগ সেতু এটি।এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানালেও বাস্তবায়নের মুখ দেখেনি এলাকাবাসী।
জানা গেছে, সত্তরদশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান দারিয়া সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় সেতুর বিভিন্নস্থানে সিমেন্ট-বালি খসে পড়েছে এবং রড বের হয়ে গেছে। একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং সেতুর রেলিং ভেঙে পড়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাইনবোর্ড লাগিয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এরপরও সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন এবং দশ গ্রামের মানুষ চলাচল করছে প্রতিনিয়ত।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, বারবার আশ্বাস পেলেও সেতু পুনঃনির্মাণ হচ্ছে না। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে মালামাল নিয়ে যাওয়া যায় না, এজন্য ন্যায্যমূল্যও পাচ্ছি না। এ ছাড়া এই সেতু দিয়ে শিশুরা স্কুলে যাতায়াত করে। সেতুটির রেলিং ভেঙে যাওয়ায় মাঝে মধ্যেই সেতু থেকে যানবাহন থেকে পড়ে গুরুতর আহত হয়।
মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান হাসান সালাউদ্দিন মাসুম জানান, ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে আশপাশের গ্রামের কৃষকদের উৎপাদিত পণ্য ছোট ট্রলি, কিংবা রিকশা-ভ্যানে করে হাটবাজারে নিতে হয়। এ ছাড়া ইট, বালি ও সিমেন্ট ট্রাক্টরের মাধ্যমে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী হোসেন আলী আগামীর সময়কে জানান, দারিয়া ঝুঁকিপূর্ণ ব্রিজের জন্য ডিজাইনের কাজ শেষ করেছি। আগামী মাসে প্রজেক্ট পাস হতে পারে। তারপর দ্রুত টেন্ডার দিয়ে কাজ শুরু করতে পারব।




