মাধবপুরে কলেজছাত্রী ধর্ষণের মামলায়, গ্রেপ্তার ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কলেজছাত্রী ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক আসামিকে। মূল অভিযুক্তকে ধরতে চলছে অভিযান- জানিয়েছেন মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা।
গ্রেপ্তার সুরঞ্জন দাস মেয়েটির প্রতিবেশী। মামলায় অভিযোগ, গত মঙ্গলবার বিকালে মেয়ের বাবার হাতে ব্যথা হলে সুরঞ্জন কবিরাজি চিকিৎসার পরামর্শ দেন। কবিরাজ বলে পরিচিত আব্দুর রহিমকে ডেকে আনেন ওই বাড়িতে।
পরিবারের ভাষ্য, এরপর কোনো একসময় তাদের চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। সবাই অচেতন হয়ে পড়লে আব্দুর রহিম কলেজছাত্রীকে ধর্ষণ করেন। পরদিন মেয়েটিকে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠান।
সেদিনই পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। রাতেই গ্রেপ্তার করা হয় সুরঞ্জন দাসকে।
মূল আসামি আব্দুর রহিমের বাড়ি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে। তিনি পলাতক বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউছুপ আলী মজুমদার।




