গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশ-আনসারসহ আহত ১০

আহত আনসার সদস্য
সরকারের গঠন করা মজুরি বোর্ডের নতুন বেতন নির্ধারণের পরও গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় সংঘর্ষে পুলিশ ও আনসার ব্যাটালিয়নের ১০ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তারা আহত হন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বুধবার সালনায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধ উপেক্ষা করে শ্রমিকরা সংঘর্ষে জড়ান। এতে পুলিশ ও আনসারের ১০ সদস্য আহত হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষে সদর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এসআই মঞ্জুরুল ইসলামকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এএসআই মোশারফ হোসেনসহ দুজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এসআই মঞ্জুরুলের চোখে গুরুতর জখম হয়েছে। আর এএসআই মোশারফ হোসেনের হাত ভেঙে গেছে।




