বগুড়া
খেলতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
বগুড়া প্রতিনিধি

নিহত তাওহীদ
বগুড়া সদরে ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মহানগরীর সাবগ্রাম রেলগেট সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ এলাকার জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি ও সাবগ্রাম ডেকোরেটর ব্যবসায়ী মিজানুর রহমান শিমুলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বাড়ি রেললাইনের সঙ্গে। বেলা ১২টার দিকে তার ছেলে তাওহীদ খেলার ছলে বাড়ির বাইরে চলে আসে। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন সাবগ্রাম রেলগেট এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তাওহীদ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়ার শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





