সুগন্ধা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

নদী ভাঙন রোধে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আগামীর সময়
সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকাল ১০টায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ কর্মসূচি পালিত হয়।
সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় আয়োজিত মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা।
তারা আরও জানান, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেক পরিবার এরইমধ্যে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছে। দ্রুত নদীশাসন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে ক্ষয়ক্ষতি আরও বাড়বে।
মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। মাইনুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেমায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা জানিয়েছেন, উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সন্ধ্যা ও সুগন্ধা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বিশেষ করে বরিশাল বিমানবন্দরের উত্তর প্রান্তের ক্ষুদ্রকাঠী, সরকারি আবুল কালাম কলেজ ও বাবুগঞ্জ খেয়াঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। অচিরেই ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।




