রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নুনুজিয়া ওই ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে।
ক্যাম্প সূত্র জানায়, টানা ভারী বৃষ্টির মধ্যে ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেনের বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা নুনুজিয়া চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করতে বারবার সতর্ক করা হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। তবে অনেক পরিবার পরে আবারও পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করছে। ফলে বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঝুঁকি থেকেই যাচ্ছে।
এদিকে, টানা বর্ষণের কারণে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের আশঙ্কা বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ক্যাম্প প্রশাসন।




