কালীগঞ্জ
মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে বিদ্যুতের খুঁটি

ছবি: আগামীর সময়
গাজীপুরের কালীগঞ্জের তুমলিয়া মিশন এলাকায় সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি বিদ্যুতের খুঁটি নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। আংশিক ভাঙা ও হেলে পড়া খুঁটিটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে, আশঙ্কা তাদের। দ্রুত খুঁটিটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিদিন ব্যস্ত সড়কটি দিয়ে আতঙ্ক নিয়েই চলতে হচ্ছে তাদের। বিশেষ করে সন্ধ্যা কিংবা ঝড়-বৃষ্টির সময় খুঁটিটির পাশ দিয়ে চলাচলে ভয় পান অনেকে।
এলাকাবাসীর আশঙ্কা, খুঁটিটি ভেঙে পড়লে বড় ধরনের প্রাণহানির পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে। তারা পল্লীবিদ্যুতের ঝুঁকিপূর্ণ অবকাঠামো নিয়মিত তদারকিরও দাবি জানিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, কয়েকদিন আগে উপজেলার শিমুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে প্রাণ হারিয়েছেন এক শিক্ষিকা। সেই ঘটনার পর থেকেই মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। এরপরও ঝুঁকিপূর্ণ খুঁটিগুলো দ্রুত সংস্কার বা প্রতিস্থাপনের উদ্যোগ না থাকায় ক্ষোভ তৈরি হয়েছে এলাকা জুড়ে।
কালীগঞ্জ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আক্তার হোসেন জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদারকে দ্রুত জানানো হবে। অল্প সময়ের মধ্যেই খুঁটিটি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।




