শ্রীমঙ্গলে ৫৩ শিক্ষককে বিদায়, শ্রেষ্ঠ ৬ জনকে সম্মাননা

শ্রীমঙ্গলে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ১৩ জন প্রধান শিক্ষক ও ৪০ জন সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত ছয়জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের অবসরপ্রাপ্ত সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশলয় চক্রবর্তী, বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকী এবং যুবদলের শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মহিউদ্দীন জারু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তপন কুমার বৈদ্য। বক্তব্য দেন ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সরকারি শিক্ষিকা রেখা রানী সিং, প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার, সাধারণ সম্পাদক কল্যাণ দেব ও সম্পাদক খন্দকার জাকির হোসেন। এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
বক্তারা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীর জীবনকে আলোকিত করার পাশাপাশি সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের আলোর পথ দেখান। তাই শিক্ষার মানোন্নয়ন ও আলোকিত শ্রীমঙ্গল গড়তে শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, বিদায় মানেই শুধু চলে যাওয়া নয়। কর্মজীবনে শিক্ষকদের অবদান সহকর্মী, শিক্ষার্থী ও সমাজের মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকে। অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তাদের অভিজ্ঞতা ও কর্মের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন।



