মেহেরপুরে বোমাসদৃশ ৩ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

বোমা উদ্ধারের পর এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। ছবি : আগামীর সময়
মেহেরপুর সদরের গোভীপুর গ্রাম থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিটি বোমায় কাগজে লেখা ছিল ‘জয় বাংলা’।
বোমা উদ্ধারের ঘটনা মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। পাশাপাশি সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রামবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, জেলা সদরের গোভীপুর গ্রামের মুজাহারের ছেলে খোকনের বাড়ির সামনে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি এবং আইব নবীর বাড়ির সামনে থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, পুলিশ ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এগুলো রেখে যেতে পারে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।




