‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ করছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীসহ তিনজন। এতে কার্যালয়ের প্রধান দরজার কিছু অংশ পুড়ে গেছে। তবে ভেতরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী এলাকায় গ্রামীণ ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মো. সুজন মোল্লা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে দেখা যায়, সুজন মোল্লাসহ তিনজন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করছেন। এ সময় সুজনকে বলতে শোনা যায়, ‘ইউনূসের মতো কোনো স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে তারা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন।
গ্রামীণ ব্যাংকের পাটগাতী শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, ‘সকালে কার্যালয়ের প্রধান ফটকে তালা মেরে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। পরে দুপুরে পেট্রোলবোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভেতরের কোনো ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে, তারাই আবার ফেসবুকে পোস্ট করেছে।’
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



