নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

সংগৃহীত ছবি
নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে করা হয়ছে অগ্নিসংযোগ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে আসে বিষয়টি।
শনিবার ভোররাতে জেলা শহরের জজ আদালত সড়কের উত্তর পাশে কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি স্তম্ভের মাঝখানে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভের ঘটনা এটি। তবে দিনভর বিষয়টি কারও নজরে না আসায় অগ্নিসংযোগের খবর প্রকাশ পায়নি। সন্ধ্যার দিকে ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি সামনে আসে সবার এবং তদন্তে তৎপর হয় পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, ভিডিওতে কয়েকজন তরুণকে স্মৃতি স্তম্ভ ও এর আশপাশে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। এতে স্মৃতি স্তম্ভের নিচের অংশের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, ‘স্বাধীন সার্বভৌম এই দেশ থেকে রাজাকারের চিহ্ন মুছে ফেলতে বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। নোয়াখালী থেকে রাজাকার বিতাড়িত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত।’ এরপর তাদের বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, জুলাই স্মৃতি স্তম্ভে কারা এবং কখন আগুন দিয়েছে, সে বিষয়ে আগে পুলিশের কাছে কোনো তথ্য ছিল না। তার ভাষ্য, যারা এ কাজ করেছে, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। ঘটনাস্থল পরিদর্শনে দেখা গেছে, আগুনের কারণে স্মৃতি স্তম্ভের কিছু অংশ কালো হয়ে গেছে। ভিডিওচিত্র ও আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


