আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘এই সরকারের আমলে রাষ্ট্রের সংস্কার না হলে আর কখনোই হবে না।’
তিনি বললেন, ‘সরকার সংস্কারের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। জামায়াত আমীরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে ৭১ এর ঘাতক শক্তি ও ২৪ এর পরাজিত পলাতক শক্তি দেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
রাশেদ খান মন্তব্য করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা ইন্ধন দিচ্ছে। তারা লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে। জামায়াতের ডাকে আর মানুষ রাজপথে নামবে না।
আওয়ামী লীগ ফিরলে আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে বলে সতর্ক করেন তিনি।
এ সময় শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।




