ভোলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার

সংগৃহীত ছবি
ভোলার চরফ্যাশন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়। এরপর জেলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বাস মালিক, শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতাদের নিয়ে মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। বৈঠকে জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ডিপো কর্মকর্তা অসীম দত্ত জানালেন, রবিবার দুপুরে চরফ্যাশন উপজেলায় সিএনজি চালকরা জোরপূর্বক বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থেকে বাস বের করে দেন। এ সময় বাস শ্রমিকদের ওপর হামলা চালানো হয় এবং বাস ও ডিপোতে ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে জড়িতদের বিচারের দাবিতে বাস শ্রমিকরা আন্দোলনের ডাক দিলে জেলার সব রুটে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।
‘জেলা প্রশাসক ও পুলিশ সুপার মঙ্গলবার বিকেলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাদের অনুরোধে বাস শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেন,’ যোগ করলেন তিনি।
জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানালেন, সমস্যা সমাধানে উভয়পক্ষকে নিয়ে আলোচনা করা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য প্রশাসন কাজ করছে।
এর আগে রবিবার দুপুর পৌনে ১টার দিকে চরফ্যাশন উপজেলা শহরের টিবি স্কুলের সামনে সিএনজি চালকদের বিরুদ্ধে বাস শ্রমিকদের ওপর অতর্কিত হামলা ও বাস এবং কাউন্টারে ভাঙচুরের অভিযোগ ওঠে। এর পরপরই দুপুর ১টা থেকে ভোলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেন বাস শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সন্ধ্যার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

