কক্সবাজার
সড়কে গণডাকাতি, এবার সন্দেহভাজন যুবক আটক

ছবি: আগামীর সময়
কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনদুপুরে দুই দফা গণডাকাতির ঘটনায় এবার ইমাম হোসাইন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
আজ রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।
তিনি জানান, গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রামুর ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এর আগে এক নারী ও তার ছেলেকে আটক এবং লুণ্ঠিত মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।
আটক ইমাম হোসাইন রামুর ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। এসআরবি-১৫-এর প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে গত ১৯ অক্টোবর হিমছড়ি ঢালার পাহাড়ি এলাকায় গণডাকাতির ঘটনায় সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন আ ম ফারুক।
এর আগে গত মঙ্গলবার (২০ অ ক্টোবর) সকালে একই ডাকাতির ঘটনায় ঈদগাঁও ইউনিয়নের মধ্যম শিয়াপাড়ার বাসিন্দা উম্মে হাফসা (৩৭) ও তার ছেলে ফারুককে (১৯) আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল, নারীদের ব্যাগ ও অলংকার উদ্ধারের দাবি করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) সকালে ও দুপুরে হিমছড়ি ঢালায় পৃথক দুটি গণডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, মুখোশধারী ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল সড়কে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। পরে তাদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে নগদ টাকা, মুঠোফোন, অলংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
ভুক্তভোগীদের দাবি, প্রায় ৫০ থেকে ৬০টি অটোরিকশা ও মোটরসাইকেলের শতাধিক যাত্রী লুটপাটের শিকার হন। তবে এত যানবাহনে সরাসরি ডাকাতি হয়নি বলে দাবি করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদারের ভাষ্য, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে যানবাহনে লুটপাট চালিয়ে পাশের জঙ্গলে আত্মগোপন করে। তাদের ধরতে একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ ঈদগাঁও–ঈদগড়–বাইশারী সড়কের গভীর বনাঞ্চলে টহলও জোরদার করা হয়েছে।




