প্রেমের সম্পর্কে দেখা করতে গিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

কেন্দুয়া থানা- ফাইল ছবি
নেত্রকোনার কেন্দুয়ায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। পরে রবিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানালেন, ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন তরুণী। পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে কেন্দুয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে।
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেছেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



