কাপাসিয়া
বাসস্ট্যান্ডে মহাসড়ক দখল করে নির্মাণসামগ্রী, দুর্ঘটনার শঙ্কা

ছবি: আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পাথর, বালু ও ইট রেখে বহুতল মার্কেটের নির্মাণকাজ চলছে। পাশাপাশি রাখা হয়েছে ইট ভাঙার মেশিন। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচল ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিন দেখা যায়, চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী ভূঁইয়ার পরিবারের উদ্যোগে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় বহুতল মার্কেট নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের জন্য মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাথর ও বালু। সেই সঙ্গে স্থাপন করা হয়েছে ইট ভাঙার মেশিন। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের পাশে নির্মাণসামগ্রী ও মেশিন রাখায় স্বাভাবিক যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। এমন ব্যস্ত সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখা ও ইট ভাঙার মেশিন স্থাপন করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এ অবস্থায় মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট তৈয়ব আলী ভূইয়া বলেন, আমরা পাথরগুলো কালকে সরিয়ে নেব।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুল হক বলেন, ব্যস্ততম মহাসড়কের পাশে নির্মাণসামগ্রী রাখা ও ইট ভাঙার মেশিন স্থাপনের বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে।



