ঠাকুরগাঁও
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই জন পুলিশ সদস্য। ছবি: আগামীর সময়
ঠাকুরগাঁও সদর উপজেলায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। আসামির স্বজন ও সহযোগীদের হামলায় আহত হয়েছেন এক এএসআই ও এক কনস্টেবল। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর কালিতলা বাজার এলাকার ঘটনা এটি।
পুলিশের ভাষ্য, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) আইনের একটি চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে (৪২) গ্রেপ্তারের জন্য এএসআই মো. সারোয়ার জাহানের নেতৃত্বে অভিযান চালায় সদর থানার একটি দল। বিকেল সাড়ে ৪টার দিকে গ্রেপ্তার করা হয় তাকে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পরপরই সুমনের স্বজন ও সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পুলিশকে ঘিরে ধরে মারধর করে তারা এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হামলায় এএসআই মো. সারোয়ার জাহান ও কনস্টেবল মো. আব্দুস সালাম আহত হন। পরে থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় সুমনের মা পারুল বেগমকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামি সুমনকেও আটক রাখা হয়েছে। তবে হামলায় জড়িত অন্য অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত দুই পুলিশ সদস্যকে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় ফিরে যান তারা।
ঘটনার পর এএসআই সারোয়ার জাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চলছে অভিযান।’




