খুলনা বৃক্ষমেলায় ৭৭ হাজার চারা বিক্রি, আয় কোটি টাকা

ছবি: আগামীর সময়
খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলায় প্রায় এক কোটি নয় লাখ টাকার ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে।
আজ মঙ্গলবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে মেলা আয়োজক কমিটি এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু ও অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হই তেমন পরিবেশের ভারসাম্যরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরো বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন। নিজে গাছ লাগাতে হবে এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। বৃক্ষ বিষক্ত জ্বলীয়বাষ্পের হাত থেকে রক্ষার পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমায়। পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের প্রতি আহ্বান জানান বিভাগীয় কমিশনার।




