অপরাধ দমনে নতুন প্ল্যাটফর্ম ‘সেভ রংপুর’

ছবি: আগামীর সময়
নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে চালু হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। যার মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধী ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ওয়েবসাইটটি (অ্যাপস) উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানে সেভ রংপুরের প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা এখন খুবই জরুরি। অপরাধ সম্পের্ক তথ্য দিতে গিয়ে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের বিষয়টি সামনে আনতে চান না। তাই তাদের জন্যই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্ম, যেখানে পরিচয় গোপন রেখে তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে।
তিনি বলেন, নাগরিকদের দেওয়া তথ্য প্রশাসনের কাছে পৌঁছে যাবে, যা অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করবে। ওয়েবসাইটটির মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভন্ন অপরাধের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ শহর শুধু প্রশাসনের একার পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের তথ্য জানান এবং সচেতন ভূমিকা পালন করেন তাহলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তোলা আরও সহজ হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জোবায়ের ইসলাম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক পার্থ বোস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন, রংপুর মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ প্রমুখ।





