মাধবদীতে ডাইং কারখানার বয়লার বিস্ফোরণ, আহত ৪

মাধবদীতে ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে আগুন
নরসিংদীর মাধবদীতে একটি ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে কারখানার ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শ্যাম্পু মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জামালকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আজ বুধবার বিকালে নরসিংদী সদর উপজেলার মাধবদীর বিরামপুর এলাকার কালীবাড়ি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ধারণা, তদন্ত শেষে বয়লার বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, বিকালে মাধবদীর একটি কারখানার বয়লারে আগুন লাগার খবর পান তারা। পরে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে নরসিংদী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।



