কাপাসিয়ায় ৩০০ বছরের প্রাচীন বটগাছে আগুন

ছবি: আগামীর সময়
গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে প্রায় ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি বটগাছে আগুন লেগেছে।
আজ রবিবার সকালে গাছটিতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে গ্রামের প্রাচীন বটগাছটিতে আগুন জ্বলতে দেখা যায়। একপর্যায়ে আগুন গাছের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়। পরে খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় কবির হোসেন জানালেন, প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটি স্থানীয়দের কাছে ঐতিহ্য ও স্মৃতির প্রতীক হিসেবে পরিচিত। প্রাচীন এই গাছে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
গাছটির ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




