শিশুর প্রাণ বাঁচাতে নিজের গাড়িতে তুলে হাসপাতালে হুইপ দুলু, তবু বাঁচানো গেল না

শিশুটির মৃত্যুর খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলু। ছবি: আগামীর সময়
নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু সাদিপ হোসেনকে বাঁচাতে পরিবারের সদস্যদের আহাজারি দেখে নিজ গাড়ি বহরে করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
আজ রবিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ হোসেন নলডাঙ্গা উপজেলার সাখারীপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তিনি দেরি না করে নিজের গাড়িতে করে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুর খবরে আবেগাপ্লুত হয়ে পড়েন হুইপ দুলু।
এ বিষয়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শিশুটির অবস্থা গুরুতর বুঝতে পেরে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন হুইপ। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি।




