পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

সংগৃহীত ছবি
খুলনার পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার সকালে উপজেলার স্মরণখালী এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান বেগমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসমা খাতুন নামে আরেক নারীকে আটক করা হয়। এ সময় নুরজাহানের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিববাটী ব্রিজসংলগ্ন স্মরণখালী এলাকায় জিয়ারুল জমাদ্দারের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় নুরজাহানকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি করে জাল নোটগুলো উদ্ধার করা হয়।
আটক নুরজাহান বেগম পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের স্ত্রী। অপর আটক আসমা খাতুন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিন্টু গাজীর স্ত্রী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরজাহান ও আসমা ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। নুরজাহানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসমাকেও আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় আজিবরের ভাড়া বাসায় তল্লাশি চালায় পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, জাল টাকা সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। নুরজাহান বেগম ২০২৩ সালেও জাল টাকাসহ আটক হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আবারও একই কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে জানান ওসি।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




