পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে ধনেশ্বর বর্মন (৫৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ঘোনাবাড়ী কদুরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনেশ্বর বর্মন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাকে ঘোনাবাড়ী কদুরবাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধনেশ্বর নিজেকে ভারতের কোচবিহারের মাথাভাঙা এলাকার বাসিন্দা বলে পরিচয় দেন। তবে বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র, পাসপোর্ট বা ভিসা দেখাতে পারেননি।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। প্রাথমিকভাবে তাকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



