দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সাভায় কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: আগামীর সময়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিনই দেশে ফিরুন না কেন, তাকে আইন অনুযায়ী তার প্রাপ্য ও দায়দায়িত্ব বহন করতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সাভায় এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা কেন দেশ ছেড়ে গিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। দেশের মানুষের ক্ষোভের মুখেই তিনি দেশ ছেড়েছিলেন। তিনি বাংলাদেশের নাগরিক। তাই যেদিনই দেশে ফিরুন না কেন, আইন অনুযায়ী তাকে তার প্রাপ্য ও দায়দায়িত্ব বহন করতে হবে।
এ সময় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামোগত সংকট ও শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
মন্ত্রী জানান, কলেজের খেলার মাঠ, মসজিদ ও পরিবহন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) অধীনে একটি ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। দীর্ঘমেয়াদে এটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যও আছে সরকারের।
মন্ত্রী বলেন, কলেজটি প্রতিষ্ঠার সময় একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যাশা ছিল। তবে বর্তমান অবকাঠামো ও জায়গার সীমাবদ্ধতার কারণে তা সহজ নয়। তারপরও প্রতিষ্ঠানটিকে উচ্চতর পর্যায়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে কলেজটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীরা একে সাস্টের অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
সরকারি মালিকানাধীন বন্ধ শিল্পকারখানা চালুর বিষয়ে মন্ত্রী জানান, এসব কারখানার অধিকাংশের আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। কারখানাগুলোর তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি বন্ধ শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে কারখানাগুলো চালু করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বললেন, শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তা আছেন।
কৃষি খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতা কাজে লাগাতে পারলে একসময় বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় দেশের চাহিদা মেটাতে পেঁয়াজ আমদানির ওপর নির্ভর করতে হতো। বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ উৎপাদিত হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা আছে। এ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে।
আমদানি ও রপ্তানির ব্যবধান নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আমদানি সব সময় রপ্তানির তুলনায় বেশি। তবে এই ব্যবধানের দিকে না তাকিয়ে সামগ্রিক বাণিজ্যের পরিমাণ ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে জ্বালানি আমদানির ব্যয় কমানো সম্ভব। একইভাবে কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে খাদ্যপণ্যে আমদানিনির্ভরতা কমানো যাবে। আবার রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও করতে হয়। তাই আমদানি-রপ্তানির ব্যবধানের পাশাপাশি উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. সাহিদ ইকবাল। উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলুসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।




