পাংশায় সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ ৪ জনকে মারধর

ছবি: আগামীর সময়
রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক রবিনের অভিযোগ, ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার বাবা-মা, বোন ও ভাবিকে মারধর করা হয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার এবং বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু থানায় মামলা করতে এসেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, রবিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ভাইয়ের আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার পরিপ্রেক্ষিতে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।



