জামালপুরে টিসিবির গোডাউন থেকে মালামাল চুরি
জামালপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
জামালপুরের ইসলামপুরে টিসিবির পণ্য বিতরণের জন্য মজুত রাখা একটি গোডাউন থেকে প্রায় ৪০ হাজার টাকার পণ্য চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন ডিলার।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল থেকে শনিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো একসময় উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বাজারে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ও ৬ নভেম্বর কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন ডিলার মো. বিপ্লব শেখ। বিতরণ শেষে অবশিষ্ট সয়াবিন তেল, মসুর ডাল, লবণ ও চিনি গোডাউনে রেখে তালাবদ্ধ করে বাড়ি চলে যান তিনি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গোডাউন খুলে ভেতরে পণ্য না দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
ডিলার বিপ্লব শেখ জানান, চোরেরা গোডাউন থেকে ১৮০ লিটার সয়াবিন তেল, ২৪ কেজি লবণ ও এক বস্তা চিনি নিয়ে গেছে। চুরি হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার ১৭৬ টাকা। আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া পণ্যের সন্ধান পাননি তিনি।
এ ঘটনায় বিপ্লব শেখ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




