সেন্টমার্টিনে পর্যটকখরা
৯৫ কিমি পাড়ি দিতে লাগছে সাড়ে ৯ ঘণ্টা, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া
- প্রথম সাত দিনে পর্যটক মাত্র ৬ হাজার ১৮
- ফাঁকা অধিকাংশ হোটেল-রিসোর্ট

৯ মাসের বিরতি শেষে পর্যটকদের জন্য খুলেছে সেন্টমার্টিন। দ্বীপের প্রবেশপথ জুড়ে সাগরলতা, বালিয়াড়িতে ফুটেছে ফুল, সবুজ কেয়াবনে ফিরেছে প্রাণ। স্বচ্ছ নীল পানির নিচে দৃশ্যমান প্রবালও বাড়াচ্ছে দ্বীপের সৌন্দর্য। কিন্তু প্রকৃতির এমন আয়োজনও পর্যটক টানতে পারছে না সেখানে। বাড়তি জাহাজ ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা ও টিকিটের মূল্য নিয়ে প্রতারণা— এসব কারণে আগ্রহ হারাচ্ছেন অনেক ভ্রমণপিপাসু। আর পর্যটক কম থাকায় ফাঁকা পড়ে আছে দ্বীপের অধিকাংশ হোটেল-রিসোর্ট।
গত ৫ নভেম্বর থেকে প্রথম সাত দিনে দ্বীপটি ভ্রমণ করেছেন ৬ হাজার ১৮ জন। অথচ পর্যটকদের থাকার জন্য প্রস্তুত রয়েছে আড়াই শতাধিক হোটেল, রিসোর্ট ও কটেজ। পর্যটন-সংশ্লিষ্টরা বলছেন, ভ্রমণের খরচ ও যাতায়াতের ভোগান্তি কমানো না গেলে পর্যটকের সংখ্যা বাড়ানো কঠিন হবে।
সম্প্রতি কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের একটি টিকিট বিক্রয়কেন্দ্র থেকে ছয়জনের একটি দল জাহাজ এমভি বার আউলিয়ার ডেকের ছয়টি টিকিট কেনে। জনপ্রতি ৪ হাজার ২০০ টাকা হিসাবে তাদের কাছ থেকে নেওয়া হয় ২৫ হাজার ২০০ টাকা। কিন্তু প্রতিটি টিকিটে মূল্য লেখা ছিল ৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ ছয়টি টিকিটে অতিরিক্ত নেওয়া হয়েছে ৬ হাজার টাকা। এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পর্যটক ইকবাল হোসেন মঞ্জু।
কিছু অসাধু এজেন্ট বাড়তি টাকা আদায় করছে বলে স্বীকার করেছেন এমভি বার আউলিয়ার প্রশাসনিক কর্মকর্তা শফিক। তিনি জানালেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভাড়া নিয়েও অসন্তোষ রয়েছে পর্যটকদের। গত বছরের তুলনায় চলতি মৌসুমে সর্বনিম্ন রাউন্ড ট্রিপ (যাওয়া-আসা) টিকিটের দাম ৭০০ বেড়ে ৪ হাজার ২০০ টাকায় দাঁড়িয়েছে। এর সঙ্গে যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় মধ্যবিত্তের জন্য দ্বীপ ভ্রমণ ব্যয়বহুল হয়ে উঠেছে। রাজবাড়ীর বাসিন্দা মোমেনুল হাকিম গত ১১ নভেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে সাংবাদিকদের জানিয়েছেন, তিনি পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে যেতে জনপ্রতি ৫ হাজার টাকা দিয়ে রাউন্ড ট্রিপ টিকিট কিনেছেন।
খরচের পাশাপাশি দীর্ঘ সমুদ্রযাত্রাও বাড়াচ্ছে পর্যটকদের ভোগান্তি। কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে প্রায় ৯৫ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাতে সাধারণত ৬-৭ ঘণ্টা লাগে। তবে কখনো কখনো সময় লাগছে সাড়ে ৯ ঘণ্টা।
ঢাকার পর্যটক শাহজাদ আলম বলেছেন, সাত বছর আগে টেকনাফ থেকে মাত্র ২ ঘণ্টায় দ্বীপে পৌঁছেছিলেন। এখন দীর্ঘ সময় জাহাজে কাটানো বেশ বিরক্তিকর। এ পরিস্থিতিতে টেকনাফ কিংবা ইনানী থেকে জাহাজ চলাচলের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ভাড়া কমানোর বিষয়ে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বললেন, ‘জাহাজ পরিচালনার ব্যয়, কর্মীদের বেতন ও সরকারি কর বিবেচনায় ভাড়া নির্ধারণ করা হয়। তবে পর্যটকদের কথা বিবেচনা করে ভাড়া কমানোর বিষয়টি দেখা হচ্ছে। সাশ্রয়ী মূল্যে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও চালু হয়েছে।’
এদিকে ভাড়া পুনর্নির্ধারণে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। জাহাজমালিকরা সাধারণ শ্রেণির একমুখী টিকিটের ভাড়া ২ হাজার ১০০ টাকা প্রস্তাব করেছেন। বিআইডব্লিউটিএর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক নয়ন শীল বলেছেন, পর্যটক ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় গ্রহণযোগ্য ভাড়া কাঠামো তৈরির কাজ চলছে।
গত ১ নভেম্বর দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও কক্সবাজার-সেন্টমার্টিন পথে জাহাজ চলাচল শুরু হয় ৫ নভেম্বর। বর্তমানে এই পথে চারটি জাহাজ চলাচল করছে। ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৭৫৪ পর্যটক দ্বীপে গেছেন।
সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদীর ভাষ্য, দ্বীপে প্রায় পাঁচ হাজার পর্যটকের থাকার ব্যবস্থা রয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটক বাড়বে বলে তারা আশাবাদী।
আগামী ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ থাকলেও প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার মানুষ যাওয়ার অনুমতি রয়েছে।
কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকার ভাষ্য, সেন্টমার্টিনের অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবিকা পর্যটনের ওপর অনেকাংশে নির্ভরশীল। পর্যটক কমলে হোটেল, রেস্তোরাঁ, নৌযান ব্যবসাসহ বিভিন্ন খাতের মানুষ ক্ষতিগ্রস্ত হন। আবার অপরিকল্পিত পর্যটন ও পরিবেশদূষণ দ্বীপটির অস্তিত্বের জন্য হুমকি। তাই পর্যটক বাড়ানোর পাশাপাশি পরিবেশের সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।



