ড্রামট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত অটো যাত্রী সাবেক ছাত্রদল নেতা

নিহত সাবেক ছাত্রদল নেতা চৌধুরী রুবেল
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক সাবেক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনায় আহত হন তিনি।
নিহত সাবেক ছাত্রদল নেতার নাম চৌধুরী রুবেল (৩০)। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে।
স্থানীয় কয়েকজন জানালেন, রুবেল অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি দ্রুতগতির ড্রামট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের ভাই সাবেক ছাত্রদল নেতা শরীফ হোসেন চৌধুরীর বরাত দিয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সাবেক ছাত্রদল নেতা রুবেল ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রুবেলের মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি।
এ বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।




