সরকারি জমি দখলের ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা, ভাঙল হাত

আহত সাংবাদিক মাহফুজ ও সরকারি জমি দখল করে নির্মাণ করা ঘর
লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের ভিডিও ধারণ করায় মাহফুজ নামে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক মাহফুজের একটি হাতের দুটি আঙুল ভেঙে গেছে। আহত হয়েছেন তার বোন ও ভাগ্নিও। ভাগ্নির মাথা ফেটে গেছে। আহত তিনজনই লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার ফজুমিয়ার হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানালেন, ফজুমিয়ার হাট বাজারে সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত প্রায় তিন শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করছেন স্থানীয় হাওলাদার পরিবারের সদস্যরা। হোসেন হাওলাদারের ছেলে শওকত হাওলাদারের সহযোগিতায় বিপ্লব হাওলাদার ও তার ছেলে সাব্বির ওই জমিতে সম্প্রতি পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন।
ঘটনার দিন দুপুরে পেশাগত কাজে ওই এলাকায় যান দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মাহফুজ। এ সময় সরকারি জমিতে ঘর নির্মাণের দৃশ্য দেখে তিনি ভিডিও ধারণ করেন। ভিডিও করার বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ হন অভিযুক্ত ব্যক্তিরা।
পরিবারের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় মাহফুজ ফজুমিয়ার হাট বাজারে গেলে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এতে মাহফুজের একটি হাতের দুটি আঙুল ভেঙে যায়। তার বোন ও ভাগ্নিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করা হয়। এ সময় ভাগ্নির মাথা ফেটে যায়।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের শারীরিক অবস্থার অবনতি ও আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিন্দা জানিয়েছেন। তারা সরকারি জমি দখল এবং সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে শওকত হাওলাদার মারধরের ঘটনা অস্বীকার করেন। সরকারি জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বললেন, নতুন করে কোনো জায়গা দখল করা হয়নি। তাদের আগের ঘরের কাজ করেছেন।
কমলনগর থানার ওসি ফরিদুল আলম বললেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।



