সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ২ বছরের শিশুর

ফাইল ছবি
গাজীপুরের কালীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে সেপটিক ট্যাংকে পড়ে ইফাত দেওয়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার উত্তরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।
নিহত ইফাত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের ইব্রাহিম দেওয়ানের ছেলে।
তার পরিবারের সদস্যরা জানান, শনিবার বেলা ১১টা থেকে ইফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা।
কালীগঞ্জ থানার এসআই মো. মাসুদ রানা শামীমের ভাষ্য, পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেছেন, ‘মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’





