সুন্দরবন দস্যুমুক্তের দাবিতে শিশুদের মানববন্ধন

গাবুরার ৯ নম্বর সোরা ইবতেদায়ি মাদ্রাসা মাঠে প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের মানববন্ধন
বয়স ৮ থেকে ১০ বছর। কারও হাতে প্ল্যাকার্ড, কারও কণ্ঠে স্লোগান। তাতে লেখা, ‘পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই।’ যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সে বয়সে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে তারা। কারণ, বনদস্যুর আতঙ্কে তাদের মা-বাবা সুন্দরবনে যেতে পারছেন না। বন্ধ হয়ে গেছে পরিবারের আয়-রোজগার। আর এর প্রভাব পড়েছে শিশুদের পড়াশোনায়।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ইবতেদায়ি মাদ্রাসা মাঠে প্রায় ২০০ শিক্ষার্থী জড়ো হয়। সেখানে মানববন্ধন করে তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি জানায়।
মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ শিশুর মা-বাবা সুন্দরবনের নদী-খালে মাছ ও কাঁকড়া ধরে সংসার চালান। কিন্তু বনদস্যুর আতঙ্কে তারা এখন বনে যেতে পারছেন না। ঘাটে বাঁধা পড়ে আছে নৌকা, ঘরের বারান্দায় পড়ে আছে জাল। আয় বন্ধ হওয়ায় পরিবারগুলোয় দেখা দিয়েছে আর্থিক সংকট। এর প্রভাব পড়েছে সন্তানদের বই-খাতা, পোশাক ও শিক্ষার খরচে।
মানববন্ধনে দাঁড়িয়ে গাবুরার দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী অয়েজকুরুনী বড়দের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেয়। সে বলে, ‘আমার মা-বাবা সুন্দরবনে যাতি পারছে না। তাই আমরা পড়তি পারতিছি নে। তারা আমাগো খরচ দিতি পারতিছে না। এক মাস, দুই মাস ধরে আমাগো ইকেনের মানুষরা আন্দোলন করতিছে, তবুও সুন্দরবন দস্যুমুক্ত হচ্ছে না। তাই এবার আমরা নিজিরাই নামিছি। বাপ-মা যদি বনে যাতি না পারে, তালি আমরা মানুষ হব কেম্মায়, স্কুল-কলেজে পড়ব কেম্মায়?’
একই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিম ইসলামের বাবা সুন্দরবনে কাঁকড়া ধরেন। সেই আয়েই চলে সংসার ও হামিমের পড়াশোনা। হামিম বলে, ‘আমার বাবা সুন্দরবন থেকে কাঁকড়া ধরে আমাগা সংসার চালায়। ওই টাকায় আমার পড়ার খরচ চলে। কিন্তু অখন ডাকাতির জন্যি বাবা বনে যাতি পারে না। প্রাইভেট স্যারের বেতনও তিন মাস ধরে বাকি। ভালো করে পড়তি পারতিছি না। সরকারের কাছে আমাগের দাবি, তাড়াতাড়ি সুন্দরবনকে ডাকাতমুক্ত করা হোক।’
মাদ্রাসার শিক্ষার্থী ঐশী আক্তারের চাওয়াও একই। সে বলে, ‘আমার আব্বু বনে যাতি পারে না। তাই আমাগের পড়ার খরচ দিতি পারে না। এ জন্যিই মানববন্ধন করতি আসিছি। আমরা পড়তি চাই। আমাগের আব্বু যেন নিরাপদে বনে যায়ে কাজ করতি পারে, এইটাই আমাগের দাবি।’
শিশুদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিভাবকরাও। আম্মাত হোসেন নামের এক অভিভাবক বলেন, ‘আমরা নিজিরাই ঠিকমতো খাতি পারতিছি না। বনে ডাকাত এত বেড়ে গেছে যে বনে যায়ে কাজ করতি পারতিছি না। নিজিরই বাঁচার মতো পেটে ভাত নেই। ছেলেমেয়েগের লেখাপড়া করাব কেম্মায়?’
বনদস্যুর তৎপরতায় শুধু জেলে পরিবারগুলো নয়, সংকটে পড়েছে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানও। ৯ নম্বর সোরা মসজিদের ইমাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম বলেন, উপকূলের মানুষের আয়-রোজগারের ওপর এসব প্রতিষ্ঠানও অনেকটা নির্ভরশীল। বনদস্যুর তৎপরতা বেড়ে যাওয়ায় জেলে-বাওয়ালিরা বনে যেতে পারছেন না। এতে পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। অনেক অভিভাবক সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না।
তিনি বলেন, ‘সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপদে জীবিকার কাজে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক।’
মানববন্ধনে শিশুরা সমস্বরে স্লোগান দেয়, ‘পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই।’ একই সঙ্গে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনদস্যুদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।
শিশুদের এই দাবিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘এই শিশুদের চাওয়ায় কোনো জটিলতা নেই। ওরা বনে যেতে চায় না, ওরা চায় বাবা-মা নিরাপদে বনে যাক। বাবা-মায়ের নৌকা আবার ঘাট ছেড়ে গেলে, আবার ঘাটে ফিরলে ঘরে আয় ফিরবে। সেই আয়েই ওরা আবার বই-খাতা নিয়ে স্কুলে ফিরতে পারবে। শিক্ষকতার দীর্ঘ জীবনে দেখেছি, বাবা-মায়ের আয় বন্ধ হলে সবার আগে স্কুলের খাতা থেকে ছেলেমেয়েদের নাম হারাতে শুরু করে। আজ যারা সারিতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, তাদের অনেকের উপস্থিতি কমে যাচ্ছে। এই অভাব দীর্ঘ হলে অনেকে ঝরে পড়বে, এই শঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না। নদী আর বনের ওপর ভর করে বেঁচে থাকা এই জনপদে একটি পরিবারের নিরাপত্তা আসলে পরের প্রজন্মের শিক্ষারও নিরাপত্তা।’




