কৃষককে মারধর করে ২০ মণ ধান লুটের অভিযোগ, ইউপি সদস্য আটক

আটক ইউপি সদস্য নূরনবী সরকার
জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে মারধর করে প্রায় ২০ মণ আমন ধান লুট এবং ১০ মণ ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষকের নাম তানজির আহমেদ সাকিব (৪০)। তিনি দুধাইল গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীরা জানান, তানজির আহমেদ সাকিব তেলিহার এলাকায় নিজের জমিতে দিনমজুর দিয়ে আমন ধান কাটাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার ওরফে কিডনি নূরনবীর নেতৃত্বে দেশীয় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে ধান কাটতে বাধা দেন। তারা সাকিবকে গালিগালাজও করেন। গালিগালাজ করতে নিষেধ করলে নূরনবী তাকে হত্যার নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে রেজাউল ইসলাম লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে সাকিব ডান হাত দিয়ে তা ঠেকান। এতে তার ডান হাত জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আপেল মাহমুদ মিন্টু, সাইফুল ইসলাম ও কনক তাকে লাথি ও ঘুসি মারেন।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা এ সময় প্রায় ২০ মণ আমন ধান লুট এবং ১০ মণ ধান নষ্ট করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় নূরনবী ও রেজাউল ইসলামসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।
কালাই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা যায়। পরিস্থিতি শান্ত করে আপস-মীমাংসার চেষ্টা করা হলে স্থানীয় ইউপি সদস্য নূরনবী তাতে বাধা সৃষ্টি করেন। এ কারণে ওসির নির্দেশে তাকে আটক করা হয়েছে।



