কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৭ জনকে পুশইন

৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের কমলগঞ্জে দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
ভুক্তভোগী নারীরা বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, তারা ভারতের একটি কারাগারে ২৫ দিন বন্দি ছিলেন। ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক জহির আহমেদ বললেন, আমি তাদের দেখতে পেয়ে আটকে রাখি। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) এবং কমলগঞ্জ থানাকে জানাই। কিন্তু থানা থেকে আমাদের বলা হয় তারা এ বিষয়ে কিছু করতে পারবে না। সামান্য জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে বলা হলে স্থানীয় ইউপি সদস্য এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানিয়েছেন, বিষয়টি জানার আগেই স্থানীয় লোকজন তাদের ছেড়ে দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিনের ভাষ্য, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে শিশুসহ ৭ জন বাংলাদেশে প্রবেশের খবর ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে জানতে পারি।
এদিকে পুশইনের খবর পেয়ে সীমান্তে অভিযানে নামে বিজিবি। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বললেন, পুশইনের খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা বিজিবিকে না জানিয়েই তাদের ছেড়ে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।





