নাহিদ ইসলাম
‘ডিসেম্বরে কোনো আপার দেশে আসার সুযোগ নেই, তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত’
নোয়াখালী প্রতিনিধি

নোবিপ্রবিতে বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশা আল্লাহ।’
শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘জাতীয় ছাত্রশক্তি’ আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদের সেটার প্রমাণ দিতে হবে।’
শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আপনারা শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন—এর নামই বিশ্ববিদ্যালয়।”
৭ নভেম্বর প্রসঙ্গে তিনি বলেন, ‘৭ নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার তাদের পক্ষে যায়, এমন ঘটনাকে বিপ্লব বলে। আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটিকে বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।




