রাজশাহীতে দোকানে হামলা-অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

গ্রেপ্তার আসামিরা
পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে একটি খাবারের দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গতকাল শনিবার রাত তিনটার দিকে নগরের বোয়ালিয়া থানার কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জিয়ারুল (৩৮), মো. আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মো. মিঠুন (৫৩)। তাদের মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি। অপরজনকে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার বিকালে এসআরবি-৫-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের খরবোনা নদীর ধারে শ্মশানের প্রাচীরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে মোসা. মিলির একটি খাবারের দোকান রয়েছে। পূর্বশত্রুতার জেরে আসামিরা দলবদ্ধ হয়ে দোকানটিতে হামলা চালান। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করা হয়।
এ ঘটনায় মোসা. মিলি বাদী হয়ে শনিবারই বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৬, ৪৩৬ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৫-এর সদর কোম্পানি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত তিনটার দিকে কমিশনার গলিতে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল ইসতিয়াক জানালেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। পরে তাদের বোয়ালিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



